ব্রাসেলসে নির্মাণাধীন ভবনে আগুন, লিফটের শ্যাফটে মিলল ৬ শ্রমিকের মরদেহ

ব্রাসেলসে নির্মাণাধীন ভবনে আগুন, লিফটের শ্যাফটে মিলল ৬ শ্রমিকের মরদেহ

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জুলাই) সকালে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত নির্মাণাধীন অক্সি টাওয়ারে এ ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার পর উদ্ধারকর্মীরা ভবনের লিফট শ্যাফটে আটকে থাকা একটি লিফট থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেন। দীর্ঘ কয়েক ঘণ্টার অভিযান শেষে মরদেহগুলো উদ্ধার করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টার দিকে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও পরে তারা দেখতে পায়, আগুন লিফট শ্যাফট পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সেখানে দুটি লিফট আটকে ছিল।

ব্রাসেলস লেবার প্রসিকিউটরস অফিসের মুখপাত্র ব্রেখট স্পেইব্রুক বলেন, উদ্ধারকারীরা একটি লিফট খুলে কয়েকজনের মরদেহ পান। পরে প্রসিকিউটরস অফিস নিশ্চিত করে যে ওই লিফট থেকেই ছয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176281