মেসিকে রুখতে কী পরিকল্পনা করছে ইংল্যান্ড?

মেসিকে রুখতে কী পরিকল্পনা করছে ইংল্যান্ড?

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে ইংল্যান্ডের পরিকল্পনার বড় অংশজুড়েই রয়েছেন একজন—লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্য ধরে রাখা আর্জেন্টাইন মহাতারকাকে কীভাবে থামানো যায়, সেটিই এখন ইংলিশ শিবিরের অন্যতম বড় ভাবনা।

বুধবার আটলান্টায় অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সেমিফাইনাল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে মেসিকে ঘিরেই ইংল্যান্ড শিবিরে সবচেয়ে বেশি আলোচনা চলছে। নকআউট পর্বে আর্জেন্টিনা কয়েকবার কঠিন পরিস্থিতিতে পড়লেও গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের ত্রাতা হয়ে সামনে এসেছেন মেসি। কখনো নিজে গোল করে, আবার কখনো সতীর্থদের দিয়ে গোল করিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন তিনি।

ইংল্যান্ডের সাবেক ফুটবলার ট্রয় ডিনির মতে, মেসির বিপক্ষে সফল হতে হলে সাহসী কৌশল নিতে হবে ইংল্যান্ডকে। আর্জেন্টাইন তারকাকে আটকানোর জন্য একজন নির্দিষ্ট খেলোয়াড়কে সার্বক্ষণিক দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

ডিনির মতে, প্রথম একাদশে জেড স্পেন্সকে সুযোগ দেওয়া উচিত। স্পেন্সের গতি ও শারীরিক সক্ষমতা মেসির মোকাবিলায় কার্যকর হতে পারে বলে মনে করেন তিনি।

ডিনি বলেন, ‘আমি স্পেন্সকে খেলাতাম এবং তাকে একটাই দায়িত্ব দিতাম—মেসি যেখানে যাবে, তুমিও সেখানে যাবে। মেসি ভেতরের দিকে ঢুকলে তুমিও তাকে অনুসরণ করবে। তাকে এক মুহূর্তের জন্যও ফাঁকা জায়গা দেওয়া যাবে না।’

তাঁর মতে, মেসির বিরুদ্ধে সাধারণ রক্ষণ পরিকল্পনা যথেষ্ট নাও হতে পারে। কারণ সামান্য জায়গা পেলেই আর্জেন্টাইন অধিনায়ক কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে নিতে পারেন।

চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ছয় ম্যাচেই মাঠে নেমেছেন জেড স্পেন্স। যদিও প্রথম একাদশে তাঁর সুযোগ হয়েছে মাত্র দুইবার, তবে মাঠে নামার পর গতি, শক্তি ও লড়াকু মানসিকতার জন্য প্রশংসা পেয়েছেন তিনি। বিশেষ করে নরওয়ের বিপক্ষে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে।

এখন দেখার বিষয়, ইংল্যান্ড কোচ থমাস টুখেল মেসিকে আটকাতে স্পেন্সকে বিশেষ দায়িত্ব দেন কি না। নাকি আর্জেন্টাইন মহাতারকাকে থামাতে ভিন্ন কোনো কৌশল নিয়ে মাঠে নামে ইংল্যান্ড।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176266