বগুড়ার ধুনটে নিষিদ্ধ ৪০টি কারেন্ট ও চায়না জাল জব্দ, দুই ব্যবসায়ীর জরিমানা
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩৯টি কারেন্ট জাল ও একটি চায়না দুয়ারী জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জাল ব্যবসায়ী মোখলেসুর রহমান ও রাকিব তালুকদারকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২ টায় ধুনট সদর হাটে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ, অফিস সহকারী রাকিব হাসান, ক্ষেত্র সহকারী রেজাউল করিম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জানা গেছে, উপজেলার বিভিন্ন হাটবাজারে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল বিক্রয়ের হিড়িক পড়েছে। এসব জাল দিয়ে বিভিন্ন নদী ও খাল-বিলে দেশীয় প্রজাতির ডিমওয়ালা ও পোনা মাছ নিধন করা হচ্ছে। বর্ষার শুরু থেকে এসব জাল দিয়ে মাছ ধরা শুরু হয়েছে। এলাকায় অনেক খাল-বিল রয়েছে। এসব জলাশয়ে এখন যথেষ্ট দেশি মাছ পাওয়া যাচ্ছে। বর্ষায় এসব নদী-নালা, খাল-বিলে মাছ ডিম ছাড়ায় প্রচুর রেণু-পোনা জন্ম নিয়েছে।
এ অবস্থায় বিভিন্ন হাটবাজারে কারেন্ট জালের বিক্রি বেড়ে গেছে। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যামান আদালতের টিম মাঠে নেমেছেন। ধুনট হাটে অভিযান চালিয়ে দুই জাল বিক্রেতার কাছ থেকে ৩৯টি কারেন্ট জাল এবং একটি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দ করা নিষিদ্ধ জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176256