নওগাঁর আত্রাইয়ের নদ-নদীতে পানি বৃদ্ধি জেলেদের মাছ শিকারের ধুম
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার নদী ও খাল-বিল বন্যার পানিতে পরিপূর্ণ হওয়ায় জেলে পরিবারের মাঝে মাছ শিকারের ধুম পড়েছে। অনেকেই নদী ও খাল-বিলের বিভিন্ন স্থানে তাদের জাল স্থাপন করে মাছ শিকার শুরু করেছেন।
জানা যায়, উপজেলার ৮ ইউনিয়নে প্রায় ২ হাজার জেলে পরিবার রয়েছে। গত কয়েকদিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে আত্রাই নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই হয়ে গেছে। এসব পানি বিভিন্ন খাল-বিলে প্রবেশ করায় খাল-বিলগুলোও এখন পানিতে পরিপূর্ণ। শুষ্ক মৌসুমে নদী ও খাল-বিল পানি শূন্য হওয়ায় বেশ কয়েক মাস জেলে পরিবারের মাঝে অভাব অনটন দেখা দেয়।
মাছ শিকার করতে না পেরে অনেক জেলেরা পেশা পরিবর্তন করে জীবিকা নির্বাহের জন্য অন্য পেশা অবলম্বন করেন। সম্প্রতি নদী ও খাল-বিলে পানি আসায় তাদের চোখে মুখে হাসি ফুটে উঠেছে। তারা এখন মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়েছেন।
মৎসজীবী স্বপন কুমার হাওলাদার বলেন, বর্তমানে বর্ষা মৌসুমেও আগের মত আর মাছ হচ্ছে না। এখন যত্রতত্র রিং জালের ব্যবহারে ব্যাপক হারে মাছ নিধন করা হচ্ছে। এ জাল এতটাই মারাত্মক যে, মাছের একেবারে ছোট পোনাও রেহাই পায়না। ফলে মাছের বংশ বৃদ্ধি বাধাগ্রস্থ হওয়ায় দেশীয় প্রজাতির মাছ প্রায় বিলুপ্তির পথে।
উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান বলেন, অবৈধ মাছ শিকারিদের কবল থেকে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় আমরা বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। সেখানে নিষিদ্ধ জাল জব্দ এবং বিক্রেতাদের জরিমানাও করছি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176255