প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে এ সময় শিক্ষার্থী আন্দোলন ও এইচএসসি পরীক্ষা ঘিরে সারা দেশে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা।
এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিনদফা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসব দাবি পূরণে আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন তারা। দাবিগুলো হলো- শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তার বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত।
অন্যদিকে ক্ষমা চাওয়ার ইস্যুটা এসেছে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে। যে অডিও ক্লিপে শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করেন মন্ত্রী। এরপরেই তাঁর অপসারণ চেয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176188