ভেনিসে আজীবন সম্মাননায় এলেন বার্সটিন
বিনোদন ডেস্ক : প্রায় পাঁচ দশকের অভিনয়জীবন। এলেন বার্সটিন হলিউডের কালজয়ী অভিনেত্রীদের একজন। যার প্রাপ্তির ঝুলিতে অস্কার, টনি অ্যাওয়ার্ড, এমি কিংবা গোল্ডেন গ্লোব সবই আছে। নন্দিত এই অভিনেত্রীর ঝুলিতে এবার যুক্ত হচ্ছে আরো একটি অর্জন। ভেনিস উৎসবে আজীবন সম্মাননা পাবেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী।
আসন্ন ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বার্সটিনকে দেওয়া হবে সম্মানসূচক ‘গোল্ডেন লায়ন’ বা স্বর্ণ সিংহ। মঙ্গলবার এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ।
উৎসবের আর্টিস্টিক পরিচালক আলবার্তো বারবেরা বলেন, ‘বার্সটিন একজন অসাধারণ তীব্রতা ও সত্যনিষ্ঠ অভিনয়ের শিল্পী।। তিনি এমন সব স্মরণীয় নারী চরিত্রকে জীবন্ত করেছেন, যাদের মাধ্যমে সমকালীন নারীর দ্বন্দ্ব, সংগ্রাম ও আত্মপরিবর্তনের গভীরতা ফুটে উঠেছে।’
এই সম্মাননার খবর শুনে উচ্ছ্বাস প্রকাশ করে বার্সটিন বলেন, ‘অবিশ্বাস্য! পৃথিবীর সবচেয়ে প্রিয় শহরগুলোর একটিতে আবার যাওয়ার সুযোগ পাচ্ছি, আর ফিরব বুকে জড়িয়ে একটি গোল্ডেন লায়ন নিয়ে! ভেনিস চলচ্চিত্র উৎসবের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড! আমি ভীষণ সম্মানিত, ভীষণ আনন্দিত এবং কৃতজ্ঞতায় আপ্লুত। সত্যিই অবিশ্বাস্য!’
বার্সটিনের হাতে গোল্ডেন লায়ন তুলে দেওয়া হবে ম্যাগি জিলেনহালের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফ্লেশ ইম্প্যাক্ট’-এর প্রদর্শনীর সময়। মেরিলিন মনরোর জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত এই ছবিতে বার্সটিনের অভিনয়কে তাঁর ‘ব্যতিক্রমী প্রতিভার’ আরেকটি উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করেছে উৎসব কর্তৃপক্ষ। ছবিটিতে আরও অভিনয় করেছেন ডাকোটা জনসন, পিটার সার্সগার্ড এবং সেপিদেহ মোয়াফি।
এ বছরের ২ সেপ্টেম্বর শুরু হবে ৮৩তম ভেনিস উৎসব, চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176176