ইরানের সাবমেরিন কেন্দ্রে ভয়াবহ ড্রোন হামলা যুক্তরাষ্ট্রের

ইরানের সাবমেরিন কেন্দ্রে ভয়াবহ ড্রোন হামলা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের একটি সাবমেরিন ও জাহাজ রক্ষণাবেক্ষণ কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো সমুদ্রপথে পরিচালিত ড্রোন ব্যবহার করে এই হামলা চালায় মার্কিন বাহিনী। মূলত হরমুজ প্রণালিকে ঘিরে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। একই সময়ে উভয়পক্ষের পাল্টাপাল্টি হামলায় নতুন করে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গত রোববার ইরানের ওই স্থাপনায় একাধিক একমুখী আক্রমণকারী সমুদ্র ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয় বলে সোমবার (১৩ জুলাই) এক্সে দেয়া এক পোস্টে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়। সেন্টকমের পোস্টে বলা হয়, ‘গতকাল একাধিক একমুখী আক্রমণকারী সমুদ্র ড্রোন ব্যবহার করে সেন্টকম বাহিনী সফলভাবে ইরানের একটি সাবমেরিন ও জাহাজ রক্ষণাবেক্ষণ কেন্দ্রে হামলা চালিয়েছে।’

এমন সময়ে এই হামলা হলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়ে যাচ্ছে। ওয়াশিংটন ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। এর জবাবে তেহরানও কাতার, বাহরাইন, জর্ডান ও ওমানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে। এনডিটিভি বলছে, গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে চালানো এ হামলায় তিনটি করসেয়ার চালকবিহীন সমুদ্রযান (আনম্যানড সারফেস ভেসেল) ব্যবহার করা হয়। চলমান যুদ্ধে মার্কিন বাহিনী এই প্রথম সমুদ্র ড্রোন ব্যবহার করল।

সেন্টকম বলেছে, ‘গত রাতের হামলায় বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ইরানের সক্ষমতা দুর্বল করা হয়েছে।’ এর কয়েক ঘণ্টা আগে মার্কিন সামরিক বাহিনী জানায়, সোমবার তারা কয়েক ডজন স্থাপনায় হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন—সংক্রান্ত সরঞ্জাম এবং ছোট নৌযান।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176144