রাজশাহীতে আধুনিক মিট  প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রতিমন্ত্রীর

রাজশাহীতে আধুনিক মিট  প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রতিমন্ত্রীর

রাজশাহী প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। সেই লক্ষ্যে মানুষের ঘরে ঘরে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে রাজশাহীতে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার তৈরি করা হবে। সোমবার (১৩ জুলাই) দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের এনেক্স ভবনের সিটি হলরুমে আধুনিক কসাইখানা নির্মাণের বিষয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীতে প্রস্তাবিত আধুনিক মিট প্রসেসিং সেন্টারে পশু জবাইয়ের আগে চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হবে। ধর্মীয় বিধান অনুযায়ী ইমামের উপস্থিতিতে হালাল পদ্ধতিতে পশু জবাই এবং আধুনিক ল্যাবে মাংসের মান নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি অনুসরণ করা হবে, যাতে পশুর কোনো অংশই নষ্ট না হয়। পশুর উপজাতসমূহ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদনের উদ্যোগ নেয়া হবে।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড. সৈয়দ শাহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. বয়জার রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল হাসান প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176119