সংবিধান সংশোধন কমিটি গঠন, প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট
সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটি গঠনের প্রতিবাদে সংসদ থেকে ওয়াক আউট করেছে বিরোধী দল।
আজ সোমবার (১৩ জুলাই) রাত ৯টা ২৩ মিনিটে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্য ওয়াক আউট করেন।
চিফ হুইপ নুরুল ইসলাম সংসদ নেতার পক্ষে সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে কমিটি গঠন করা হয়।
আগের ঘোষণা মতে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের কথা থাকলেও বিরোধী দল সদস্যদের নাম প্রস্তাব না করায় ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বিরোধীদল নাম দিলে বাকি সদস্যদের নাম অন্তর্ভুক্ত করা হবে। তবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমিটি গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে রাত ৯টা ২৩ মিনিটে তারা ওয়াকআউট করে সংসদ কক্ষ ত্যাগ করেন।
এর আগে গত অধিবেশনে আইনমন্ত্রী আসাদুজ্জামান সংবিধান সংশোধনে ১৭ সদস্য বিশিষ্ট বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেন।
গত ২৯ এপ্রিল সংসদের বৈঠকে আইনমন্ত্রী বলেছিলেন, ট্রেজারি বেঞ্চ বা সরকারি দল ও স্বতন্ত্র মিলিয়ে ১২ জনের নাম দেওয়ার কথা বলেন। একই সময়ে তিনি বিরোধী দলের কাছে ৫ সদস্যের নাম দেওয়ার প্রস্তাব দেন।
ওই সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তাদের সিদ্ধান্ত পরবর্তীতে জানাবেন বলে সংসদকে অবহিত করেন। পরে সংসদের বাইরে গণমাধ্যমের সাথে আলাপকালে বিশেষ কমিটিতে বিরোধীদল কোনো নাম দেবে না বলে বিরোধীদলীয় নেতা জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176118