চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত ৭৫
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে সৃষ্ট বন্যায় দুর্গত এলাকাগুলোতে সাপের উপদ্রব বেড়েছে। সাপের কামড়ে আহতের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত জেলায় অন্তত ৭৫ জন সাপের কামড়ে আহত হয়েছেন। তবে এ ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাপে কাটা রোগীদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবা প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও জানান, বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্য বিভাগের বিশেষ মেডিকেল টিম কাজ করছে। এসব দল দুর্গত এলাকায় গিয়ে চিকিৎসাসেবা প্রদান, প্রয়োজনীয় ওষুধ এবং খাবার স্যালাইন বিতরণ করছে। পাশাপাশি অন্তঃসত্ত্বা নারী ও অসুস্থ শিশুদের জরুরি প্রয়োজনে নৌকাযোগে দ্রুত হাসপাতালে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
চলমান বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ দুর্গত এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বিশেষ করে রাতে চলাচলের সময় সতর্ক থাকা, পানিতে নামার আগে লাঠি দিয়ে স্থান পরীক্ষা করা এবং সাপে কামড়ালে ঝাড়ফুঁক বা কুসংস্কারে বিশ্বাস না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176102