বন্যায় সারাদেশে নিহত ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
টানা অতিবৃষ্টি ও পাহাড়ধসের কারণে দেশের সাতটি জেলায় ভয়াবহ দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৯ জন।
সোমবার (১৩ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বন্যা ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা।
এসব জেলার ৫৯টি উপজেলা, ৩৩৪টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা বন্যাকবলিত হয়েছে।
বর্তমানে পানিবন্দি রয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার।
ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৬ লাখ ৯ হাজার ৪১১ জন। দুর্গত মানুষের জন্য খোলা ১ হাজার ৪৯টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৩৮ হাজারের বেশি মানুষ।
জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, কক্সবাজারে সর্বোচ্চ ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে একজন নিহত হয়েছেন।
আহতদের মধ্যে কক্সবাজারে ২৪ জন, চট্টগ্রামে ১২ জন, বান্দরবানে ২ জন এবং খাগড়াছড়িতে একজন রয়েছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবী সংগঠন এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী আরও মানবিক সহায়তা বরাদ্দ দেয়া হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176101