বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার ২০২৬ সেশনের নবাগত শিক্ষার্থীদের বরণ করতে ১৩ জুলাই ২০২৬, সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ নবীনবরণ অনুষ্ঠিত হয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে।

তিন পর্বের এই অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় সকাল ৯ টা ৩০ মিনিটে। অংশ গ্রহণ করেন ব্যবসায় প্রশাসন, আইন ও মানবাধিকার, অর্থনীতি এবং সমাজবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীরা। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় দুপুর ১১:৩০ মিনিটে। অংশ গ্রহণ করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, রাষ্ট্রবিজ্ঞান এবং জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নবীন শিক্ষার্থীরা। শেষ পর্ব শুরু হয় দুপুর ১:৪৫ মিনিটে। এতে অংশ নেন ইংরেজি, ফার্মেসি, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নবীন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.), বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক, পরীক্ষা নিয়ন্ত্রক পারমিতা জামান, প্রক্টর ড. আব্দুল আউয়াল, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট-এর উপ-পরিচালক মো. সিরাজুর রহমান, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস-এর উপ-পরিচালক আব্দুস সালাম, আইসিটি সেল-এর উপ-পরিচালক ফরিদুজ্জামানসহ সামার ২০২৬ শেসনের নবাগত শিক্ষার্থীরা।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবন শুধু ডিগ্রি অর্জনের নয়; এটি নিজেকে একজন দক্ষ, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়। আমি আশা করি, তোমরা নিয়মিত পড়াশোনার পাশাপাশি গবেষণা, সহশিক্ষা কার্যক্রম এবং নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলবে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় তোমাদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সর্বাত্মক সহায়তা প্রদান করবে।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আব্দুল আউয়াল নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ তাদের দাপ্তরিক কার্যক্রম ও সেবা সম্পর্কে বক্তব্য প্রদান করেন। শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.) তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম তুলে ধরেন।

অনুষ্ঠানে একটি বিশেষ পর্ব ছিল “মিট দ্য ভিসি”। এই পর্বে, নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন বিভাগে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীরা সরাসরি উপাচার্য মহোদয়কে প্রশ্ন করার সুযোগ পান। তারা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিষয় এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিভিন্ন জিজ্ঞাসা তুলে ধরেন। উপাচার্য মহোদয় আন্তরিকভাবে তাদের সব প্রশ্নের উত্তর দেন এবং শিক্ষার্থীদের জীবন-দর্শন ও মানসিক দৃঢ়তার বিষয়ে অনুপ্রেরণা জোগান।

অনুষ্ঠানের শেষাংশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের একটি দল বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থিম সং -এ মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। এরপর উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী লোকনাট্য ‘গম্ভীরা’র পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের প্সমাপ্তি ঘটে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176088