উরুগুয়ের দায়িত্বে ফোরলান
স্পোর্টস ডেস্ক : মার্সেলো বিয়েলসার পদত্যাগের পর কিংবদন্তি ফুটবলার দিয়েগো ফোরলানকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে উরুগুয়ে। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ফোরলানের দায়িত্ব আপাতত ২০২৭ সালের মার্চ পর্যন্ত।
দেশের ফুটবলের ভবিষ্যৎ গড়ার পরিকল্পনার অংশ হিসেবে ফোরলান একসঙ্গে উরুগুয়ের অনূর্ধ্ব—২০ জাতীয় দলেরও দায়িত্ব পালন করবেন। ২০২৭ সালের দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব—২০ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে তরুণ দলটিকে প্রস্তুত করার কাজও এই ৪৭ বছর বয়সির ওপর ন্যস্ত থাকবে।
খেলোয়াড় হিসেবে ফোরলানের অর্জন ঈর্ষণীয়। দেশের হয়ে ১১২টি আন্তর্জাতিক ম্যাচ খেলে তিনি করেছেন ৩৬ গোল। জিতেছেন ২০১১ কোপা আমেরিকা। ব্যক্তিগত অর্জনের তালিকায় আছে ২০১০ ফিফা বিশ্বকাপের গোল্ডেন বল। তবে কোচ হিসেবে তার অভিজ্ঞতা তুলনামূলকভাবে সীমিত। এর আগে তিনি কেবল উরুগুয়ের ঐতিহ্যবাহী ক্লাব পেনিয়ারোল এবং দ্বিতীয় বিভাগের ক্লাব আতেনাস দে সান কার্লোসের কোচ হিসেবে স্বল্প সময় কাজ করেছেন।
ফোরলানকে নিয়োগ দেওয়া হয়েছে উরুগুয়ের বিশ্বকাপ ব্যর্থতার পর। বিয়েলসার অধীনে উরুগুয়ে চলতি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নেন। গ্রুপ ‘এইচে স্পেন ও চমক জাগানো কেপ ভার্দের পেছনে থেকে মাত্র ২ পয়েন্ট নিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়। বিদায়ের পর হতাশ বিয়েলসা ব্যর্থতার সম্পূর্ণ দায় নিজের কাঁধে নিয়ে বলেন, তার উচ্চ—তীব্রতার ফুটবল দর্শন উরুগুয়ের ফুটবলের জন্য ‘ভালো কিছুই রেখে যেতে পারেনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176055