নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ মোট ৪ জন নিহত হয়েছে। আজ রোববার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে ডোমার-জলঢাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- নাদিয়াপাড়ার অলি বর্মনের ছেলে ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রাণী (২৮), দুই ছেলে পিতোসা (৮) ও যাদব (৪)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ রোববার (১২ জুলাই) বিকেলে ব্যাটারিচালিত যাত্রীবাহী ভ্যান ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ব্যাটারিচালিত ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।
এসময় ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনসহ ভ্যানচালক নিহত হয়। পরবর্তীতে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান জানান, একজনকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176016