স্বৈরাচারের বীজ ২০০৯ সালে নয় ১৯৭২ সালেই বপন হয় : সারজিস আলম

স্বৈরাচারের বীজ ২০০৯ সালে নয় ১৯৭২ সালেই বপন হয় : সারজিস আলম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, স্বৈরাচারের বীজ ২০০৯ সালে নয় বরং ১৯৭২ সালেই বপন হয়। আর এটা হয় শেখ মুজিবুর রহমানের হাত ধরেই। গত শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার রেলস্টেশন মোড়ে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠানের পথসভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পূর্ব পর্যন্ত ২৩ বছরে পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। ওই অবদানের কারণে তিনি অবিসংবাদিত স্টেটসম্যান হতে পারতেন। কিন্তু তিনি ৭৩ সালে ভোটচুরির নির্বাচন দিলেন। প্রার্থীদের গুম করলেন। অথচ সেই নির্বাচনে আওয়ামী লীগ এমনিতেই বিপুল ভোটে জয়ী হত।

৭৩ এর পর তিনি  পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে মানুষ যে বৈষম্য থেকে মুক্তির স্বপ্ন দেখেছিল তা ধংস করলেন। ৭৫ সালে বাকশাল গঠনের মাধ্যমে মানুষের বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা এখন ভারতের নাগরিক। শেখ হাসিনার পরিবার মুসলিম নয়। তারা বাংলাদেশের নাগরিকও নয়। তারা খুনী। দেশের মাটিতে তাদের স্থান হয়নি।

বিএনপি সরকারের সমালোচনা করে সারজিস বলেন, বিএনপি কি শুধু বিএনপির সরকার না দেশের সকল মানুষের সরকার? নির্বাচনে জয়লাভের পর তারা বিভিন্ন কার্ডসহ যে সব সুবিধা দিয়েছে তা শুধু বিএনপির লোকজনই পেয়েছে। এসময় বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষমতায় আজ আছেন। কালকে নাও থাকতে পারনে।

জেলা এনসিপি ভারপ্রাপ্ত আহবায়ক আবু মাসুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, এনসপির যুগ্ম আহবায়ক ও কুড়িগ্রাম-২ আসনের এমপি আতিক মুজাহিদ, যুগ্ম সদস্য সচিব সাঈদ মুস্তাফিজ, মনিরা শারমিন প্রমুখ। সভার আগে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়কে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176015