বৃষ্টিতে মহাসড়কে সৃষ্ট গর্তে দুর্ভোগে চালকরা, নেই সতর্কতামূলক নিশানা
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: ৮৮২ কোটি টাকা ব্যয়ে প্রশস্ত ও সংস্কার করা গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট অংশের বিভিন্ন স্থানে গর্ত ও উঁচু-নিচু ঢেউ সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, ঘোড়াঘাট বাস টার্মিনাল থেকে হরিপাড়া হাট পর্যন্ত মহাসড়কের কয়েকটি স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক বৃষ্টিতে এসব গর্তে পানি জমে থাকায় ভোগান্তিতে পড়েছেন চালকরা। এর মধ্যে রানীগঞ্জ বাজার সংলগ্ন ব্র্যাক (বেসরকারি উন্নয়ন সংস্থা) অফিসের সামনের অংশে সড়কের অবস্থা সবচেয়ে ঝুঁকিপূর্ণ।
অথচ ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে যানবাহন চালকদের সতর্ক করতে কোনো ধরণের সতর্কতামূলক সাইনবোর্ড, ব্যারিকেড বা নির্দেশক বসানো হয়নি। স্থানীয়রা অভিযোগ করে বলেন, সড়কের এমন ঝুঁকিপূর্ণ অবস্থা দীর্ঘদিন ধরে থাকলেও সংশি¬ষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। দ্রুত সংস্কার এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সতর্কতামূলক নিশানা স্থাপন না করলে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।
মোটরসাইকেল চালক উপজেলার সোনারপাড়া গ্রামের আব্দুল আলিম বলেন, রানীগঞ্জ বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থাকায় প্রতিদিন আশা যাওয়া করতে হয়। বৃষ্টিতে গর্তগুলো পানিতে ঢেকে থাকে। সামনে থেকে বোঝা যায় না কোথায় গর্ত আছে।
হঠাৎ গর্তে পড়লে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি থাকে। মাইক্রোবাস চালক মেহেদী হাসান বলেন, রাস্তার উঁচু-নিচু ঢেউ ও গর্তে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে রাতে বা বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। দ্রুত সংস্কার না হলে যে কোনোদিন বড় দুর্ঘটনা ঘটতে পারে।
সড়ক ও জনপদ (সওজ) দিনাজপুর সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ-দিনাজপুর ১০৬ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের গুরুত্ব বিবেচনা করে ২০১৭-১৮ অর্থবছরে সড়কটি ৪২ ফুট প্রশস্তকরণ ও সংস্কারের জন্য ৮৮২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। ৯টি গুচ্ছের মাধ্যমে ৮টি ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১৮ সালের ১ জুলাই কাজ শুরু করে এবং ২০২১ সালের ডিসেম্বর মাসে প্রকল্পের কাজ শেষ হয়।
এ বিষয়ে সড়ক ও জনপদ (সওজ) দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, বিষয়টি অবগত ছিলাম না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিয়ে দ্রুত পরিদর্শন করিয়ে প্রয়োজনীয় সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের বিষয়েও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176013