বগুড়ার শেরপুরে কিশোরীকে ধর্ষণ: গ্রেফতার-১
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৫) ধর্ষণের অভিযোগে মজনু মিয়া ওরফে বথু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত মজনু মিয়া মৃত শাহের আলীর ছেলে। আজ রোববার (১২ জুলাই) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মজনু মিয়া নামে ওই ব্যক্তি বেশ কিছুদিন থেকে ওই শিক্ষার্থীকে নানাভাবে উত্তক্ত করে আসছিল। গত শুক্রবার রাতে মজনু মিয়া ওই কিশোরীকে নানা প্রলোভন দেখিয়ে জোর করে ধর্ষণ করে। এই ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর শেরপুর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শেরপুর থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পরপরই আসামিকে গ্রেফতার করে আদালতের নিকট সোপর্দ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176005