ঠাকুরগাঁওয়ে ২০ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ২০ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেফতার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহব্বতপুর (মোড়লপাড়া) এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় কাশির সিরাপ (ফেনসিডিল ও এমকে ড্রাইল) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত শুক্রবার রাত প্রায় ১০টায় এই অভিযানে মহব্বতপুর (মোড়লপাড়া) গ্রামের বাসিন্দা গহনা বালাকে (৫৬) মাদক রাখা ও বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তার ছেলে বিলাতু চন্দ্র পালিয়ে যান।

পুলিশের এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিলাতু চন্দ্র পালিয়ে গেলেও গহনা বালাকে আটক করা হয়। পরে বাজারের ব্যাগ থেকে ১৭ বোতল ফেনসিডিল এবং ৩ বোতল এমকে ড্রাইল কাশির সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ২০ বোতল মাদকের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মা-ছেলে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখতেন। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই জীবন রায় বাদি হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সংশ্লিষ্ট ধারায় মামলা করেছেন। গ্রেফতার হওয়া নারীকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176000