ফুটবলার হালান্ডের নামে পেরুতে ৫০০ শিশুর নামকরণ

ফুটবলার হালান্ডের নামে পেরুতে ৫০০ শিশুর নামকরণ

নরওয়ের তারকা স্ট্রাইকার আরলিং হালান্ডের জনপ্রিয়তা এখন পেরুতে এক অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে ৫০০’রও বেশি নবজাতকের নাম নিবন্ধন করা হয়েছে হালান্ডকে অনুসরণ করে।

পেরুর সংবাদমাধ্যম আরপিপি প্রথম এ খবর প্রকাশ করে। পরে দেশটির জাতীয় নাগরিক নিবন্ধন সংস্থা রেনিয়েক এক বিবৃতিতে নিশ্চিত করে যে, মোট ৫৬৩ জন শিশুর নাম রাখা হয়েছে ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ডকে অনুপ্রাণিত হয়ে।

এর মধ্যে ৪৬৮ জনের নাম রাখা হয়েছে ‘হালান্ড’, ৯১ জনের নাম রাখা হয়েছে ‘আরলিং হালান্ড’, আর চারজনের পূর্ণ নাম রাখা হয়েছে ‘আরলিং ব্রট হালান্ড’।

ম্যানচেস্টার সিটির হয়ে গত মৌসুমে ৩৮ গোল করা ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার ২০২৬ বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে রয়েছেন। চার ম্যাচে ইতোমধ্যে ৭টি গোল করে নরওয়ের ঐতিহাসিক যাত্রার প্রধান নায়কে পরিণত হয়েছেন তিনি।

তবে হালান্ডজ্বর শুধু পেরুতেই নয়। তার নিজ দেশ নরওয়েতেও জাতীয় দলের হালান্ডের নাম লেখা জার্সির চাহিদা এতটাই বেড়েছে যে, কয়েক সপ্তাহ ধরেই দেশের প্রায় সব দোকানে সেগুলো বিক্রি শেষ হয়ে গেছে। শুধু অসলোর কয়েকটি দোকান এবং অনলাইনে অল্প কিছু জার্সি পাওয়া যাচ্ছে। ফলে অনেক সমর্থক ও পর্যটক বাধ্য হয়ে হালান্ডের নাম লেখা ম্যানচেস্টার সিটির জার্সিই কিনছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175972