কুয়াকাটায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় মিলি আক্তার মায়া (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (১২ জুলাই) সকালে উপজেলার লতাচাপলী ইউনিয়নের নাইওরিপাড়া গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিলি আক্তার মায়া চাঁদপুর জেলার খোরশেদ আলমের মেয়ে এবং নাইওরিপাড়া গ্রামের ট্রাকশ্রমিক মো. নাঈমের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর প্রায় দুই বছর আগে পরিবারের অমতে তাদের বিয়ে হয়।
পরিবার ও প্রতিবেশীদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান। রোববার সকালে নাঈম ঘুম থেকে উঠে তার স্ত্রীকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি পুলিশকে অবহিত করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175955
খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।