নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে আবুল হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাজার রোড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত আবুল হোসেন একলাশপুর ইউনিয়নের মৃত বাবুলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেনের ভাইয়েরা প্রবাসে থাকেন এবং তিনি বেকার ছিলেন। শুক্রবার রাতে বাড়িতে এক ভাগ্নির বিয়ের অনুষ্ঠান ছিল। ওই রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন। রবিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, আবুল হোসেন মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন। দুই দিন পানিতে থাকায় মরদেহ ফুলে গেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।