বৃষ্টিতে সচিবালয়ে জলাবদ্ধতা
রাজধানীতে টানাবৃষ্টিতে বাংলাদেশ সচিবালয়ের ভেতরেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দেশের প্রশাসনের প্রাণকেন্দ্রের প্রধান প্রবেশপথ থেকে শুরু করে একাধিক ভবনের সামনের চত্বর, অভ্যন্তরীণ সড়ক ও গণমাধ্যম কেন্দ্রে যাওয়ার পথ জলাবদ্ধতা তৈরি হওয়ায় কর্মকর্তা—কর্মচারীদের দুর্ভোগে পড়তে হয়েছে।
আজ রোববার (১২ জুলাই) সকালের পর থেকে বৃষ্টির তীব্রতা বাড়তেই সচিবালয়ের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। প্রধান প্রবেশ গেট, সচিবালয়ের ৬ নম্বর ভবনের চারপাশ, ৭ নম্বর ভবনের সামনে ও পেছনের অংশ, ক্লিনিক ভবনের পূর্ব ও উত্তর পাশের চত্বর পানির নিচে তলিয়ে যায়। এছাড়া ৩ ও ৪ নম্বর ভবনের মাঝখানের সড়ক সম্পূর্ণ পানিতে নিমজ্জিত হওয়ায় চলাচল ব্যাহত হয়। ৩ নম্বর ভবনের মাঝখানে থাকা বাগানও পানির নিচে চলে গেছে। গণমাধ্যমকর্মীদের জন্য নির্ধারিত মিডিয়া সেন্টারে যাওয়ার পথেও পানি জমে থাকায় সেখানে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হয়েছে। জলাবদ্ধতার কারণে সচিবালয়ের অভ্যন্তরে এক ভবন থেকে আরেক ভবনে যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন কর্মকর্তা—কর্মচারীরা।
শনিবার রাত থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ভোরের দিকে কিছু সময় বৃষ্টি না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও ভারী বর্ষণ শুরু হয়, যা দীর্ঘ সময় স্থায়ী হয়। দুপুর ২টার দিকে বৃষ্টি থামে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175920