কিছু সময় শান্তিতে কাটানোর সুযোগ পাওয়া গেল : মেসি
স্পোর্টস ডেস্ক : সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কানসাস সিটিতে অতিরিক্ত সময়ে ৩—১ গোলের জয়ে শেষ চার নিশ্চিত করে মেসিরা। গুরুত্বপূর্ণ ম্যাচ জয়ের পর দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
ম্যাচ শেষে মেসি বলেন, ‘আমরা জানতাম ম্যাচটি অনেক বেশি কঠিন হবে। প্রতিপক্ষকে নিয়েও আমাদের কোনো বিস্ময় ছিল না। তবে শেষ পর্যন্ত এই জয় আমাদের অনেক আনন্দ দিয়েছে। এটি খুবই দারুণ জয় ছিল।’ সুইজারল্যান্ডের কঠিন চ্যালেঞ্জ পেরিয়ে সেমিফাইনালে ওঠাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন মেসি। তিনি বলেন, ‘আমাদের জন্য এই ধাপটি পার হওয়া খুব গুরুত্বপূর্ণ ছিল। সামনে যা আসছে, তার আগে কিছু সময় শান্তিতে কাটানোর সুযোগ পাওয়া গেল।’
সেমিফাইনালে আগামী বৃহস্পতিবার রাত ১টায় আটলান্টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি মেসির জন্যও বিশেষ হতে যাচ্ছে। বিশ্বকাপে এটি হবে তার ক্যারিয়ারের তৃতীয় সেমিফাইনাল। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার খেলতে নামবেন তিনি। এদিকে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও দলের প্রশংসা করেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচের কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আবারও আমাদের জিততে কষ্ট করতে হয়েছে, কিন্তু এই দল কখনো বিশ্বাস হারায় না। আমরা পুনরায় বিশ্বের সেরা চার দলের মধ্যে জায়গা করে নিয়েছি।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175905