আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ। এ উপলক্ষে রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।সেখানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত থাকবেন। এরপর প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন শিক্ষার্থী—অভিভাবকরা।শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলসংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হবে। ১২টায় শুরু হওয়া ওই সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এরপর শিক্ষার্থীরা নির্ধারিত মাধ্যমে নিজেদের ফল দেখতে পারবে।
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন, এসএমএস এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন।শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা জানিয়েছে, ফল প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণার পরপরই তা অনলাইনে উন্মুক্ত করা হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে ফল জানার সুযোগ থাকবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, যেকোনো মোবাইল অপারেটর (টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংক) থেকে মোবাইলের মেসেজ অপশনে উচঊ লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল জানা যাবে। উদাহরণ হিসেবে, কোনো শিক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে উচঊ ১২৩৪৫৬ এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
এছাড়া ইন্টারনেটের মাধ্যমে বিস্তারিত ফলাফল দেখতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস (ওচঊগওঝ) ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করে শিক্ষার্থীর রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলে মার্কশিটসহ ফলাফল দেখা যাবে।
গত বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশের কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের আগেই একজন কর্মকর্তা ফলের কিছু অংশ ওয়েবসাইটে আপলোড করে দেন। এতে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। অনুমোদন ছাড়াই ফল প্রকাশ করায় ওই কর্মকর্তাকে গত শুক্রবার বরখাস্ত করা হয়।
প্রসঙ্গত, দেশের ৬১ জেলায় গত ১৫ এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মধ্যদিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা দিয়ে শেষ হয়। এ ছাড়াও রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় ১৭, ১৮, ১৯ এবং ২০ এপ্রিল এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175897