‘১৭ বছর অগণতান্ত্রিক সরকার দেশের ক্রীড়াঙ্গন কলুষিত করেছিল:প্রতিমন্ত্রী টুকু

‘১৭ বছর অগণতান্ত্রিক সরকার দেশের ক্রীড়াঙ্গন কলুষিত করেছিল:প্রতিমন্ত্রী টুকু

দেশের ক্রীড়াঙ্গন দীর্ঘদিন স্থবির ছিল মন্তব্য করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এক সময় টাঙ্গাইল স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ থাকত, টিকিট কেটে মানুষ খেলা দেখতে আসত। কিন্তু গত ১৭ বছর অগণতান্ত্রিক, স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকার দেশের ক্রীড়াঙ্গনকে কলুষিত করেছিল। বর্তমান সরকার খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে।

আজ শনিবার(১১ জুলাই) বিকালে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা মানুষকে আনন্দ দেয় এবং যুবসমাজকে ইতিবাচক পথে পরিচালিত করে। তাই টাঙ্গাইলে আরও বেশি খেলাধুলার আয়োজন করা হবে এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, খেলা নিয়ে কোনো বিদ্বেষমূলক আচরণ বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। সবাই আনন্দের সঙ্গে খেলা উপভোগ করবে।

মাদকবিরোধী অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চান। যুবসমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকের সঙ্গে কোনো আপস করা হবে না। দেশের ভবিষ্যতের স্বার্থে সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।

এবারের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলার ১২টি উপজেলা অংশগ্রহণ করছে। প্রতিটি দলে অতিথি খেলোয়াড় হিসেবে পাঁচজন বিদেশি ফুটবলার খেলার সুযোগ রাখা হয়েছে।

উদ্বোধনী খেলায় টাঙ্গাইল সদর উপজেলা বাসাইল উপজেলার মুখোমুখি হয়। টাঙ্গাইল সদর উপজেলা দল ৩-০ গোলে বাসাইল উপজেলা দল কে পরাজিত করে। এছাড়া একই দিনে জেলার বিভিন্ন ভেনুতে আরও পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

আগামী ১৩ জুলাই দ্বিতীয় লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১৫ থেকে ১৯ জুলাই সুপার সিক্স পর্ব, ২৮ ও ২৯ জুলাই সেমিফাইনাল এবং আগামী ১ আগস্ট টাঙ্গাইল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

টাঙ্গাইলে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে’ এক সময় মোহামেডান-আবাহনীসহ নামীদামী ক্লাবের অংশগ্রহণ ছিল। ১৯৮০ সালে তৎকালীন জেলা প্রশাসক মো. রেজাউল ইসলাম প্রথম টাঙ্গাইলে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ আয়োজন করে ক্রীড়াঙ্গনে নবজাগরণ সৃষ্টি করেন। সর্বশেষ ২০১৫ সালে এ টুর্নামেন্ট আয়োজন করা হয়। শেষ খেলায় টাঙ্গাইল ইয়ুথ ক্লাব চ্যাম্পিয়ন এবং ঢাকার বিজেএমসি রানার্সআপ হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175829