টেকনাফে ভারী বৃষ্টিতে পাহাড় থেকে পড়ে আহত মা হাতি, চিকিৎসায় বনবিভাগ
কক্সবাজার সীমান্ত উপজেলা টানা বৃষ্টি কারণে টেকনাফে পাহাড় থেকে পড়ে এক বন্যহাতি গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত বন্যহাতিকে প্রাণী সম্পদ অধিদপ্তরের সহায়তায় বনবিভাগের উদ্যোগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
বনবিভাগ সূত্রে জানা গেছে, আজ শনিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে টেকনাফ রেঞ্জের সদর বনবিটের শিয়াল্যাঘোনা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অতিবৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম থাকায় এই বিপত্তি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্যহাতিটি পাহাড়ের প্রায় ১০০ থেকে ১৫০ ফুট ওপর থেকে নিচে ছিটকে পড়েছে। এত উঁচু পাহাড় থেকে পড়ায় হাতিটি তার পেটে এবং পায়ে আঘাত পেয়েছে। বর্তমানে বনবিভাগ ও সিপিজি (কমিউনিটি পেট্রোল গ্রুপ) সদস্যরা ঘটনাস্থলে হাতিটিকে দেখভাল করছেন।
রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, ‘আহত মা হাতিটিকে দ্রুত সুস্থ করতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। তিনি হাতিটির নিবিড় চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল টিম পাঠাচ্ছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175825
কক্সবাজারের বিভাগীয় বন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আহত বন্যহাতিটিকে বাঁচানোই এখন তাদের প্রধান লক্ষ্য।
প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বয়ে উন্নত চিকিৎসা ও সর্বোচ্চ পরিচর্যার মাধ্যমে হাতিটিকে সুস্থ করে তুলতে বনবিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।