সাইবার হামলার শিকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

সাইবার হামলার শিকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, তাদের একটি সরকারি ইমেইল অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ (সাইবার হামলা) হয়ে থাকতে পারে। কারণ, বিশ্বকাপে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ৩—২ গোলের নাটকীয় জয়ের পর তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে পাঠানো কিছু ইমেইলে ম্যাচের রেফারিংয়ের কঠোর সমালোচনা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবেদন বিবিসির।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ ষোলোর ম্যাচে একসময় মিশরের কাছে ২—০ গোলে পিছিয়ে পড়েছিল। তবে শেষ দিকে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩—২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে। ম্যাচ শেষে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) ফিফার কাছে ফরাসি রেফারি ফ্রঁাসোয়া লেতেক্সিয়ে এবং ম্যাচ পরিচালনাকারী অন্যান্য কর্মকর্তাদের বিশ্বকাপ থেকে অপসারণের দাবি জানায়। তাদের অভিযোগ, ম্যাচে আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা কায়ে জানায়, এএফএর অফিসিয়াল ইমেইল অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে পাঠানো একাধিক বার্তায় দাবি করা হয়, ‘আর্জেন্টিনা প্রকৃত অর্থে জয় পায়নি এবং ম্যাচের ফল দুর্নীতিগ্রস্ত রেফারির সিদ্ধান্তের কারণে এসেছে।’ ওই ইমেইলগুলোতে মিশরের পারফরম্যান্সেরও প্রশংসা করা হয়। প্রতিবেদনটিতে আরও বলা হয়, এএফএর অভ্যন্তরীণ সূত্রের ধারণা, মিশরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার এই ইমেইল পাঠানোর সঙ্গে জড়িত থাকতে পারে।

ঘটনার পর এক বিবৃতিতে এএফএ জানায়, ‘আমরা জানতে পেরেছি যে আমাদের একটি প্রাতিষ্ঠানিক ইমেইল অ্যাকাউন্ট থেকে এমন কিছু বার্তা পাঠানো হয়েছে, যা আমাদের টিমের পক্ষ থেকে তৈরি বা অনুমোদিত নয়।’ সংস্থাটি সবাইকে সতর্ক করে বলেছে, ‘সাম্প্রতিক সময়ে আমাদের অ্যাকাউন্ট থেকে পাওয়া অস্বাভাবিক কোনো ইমেইল, বিশেষ করে যেগুলোতে লিংক, সংযুক্ত ফাইল বা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে, সেগুলো উপেক্ষা করুন।’ 

এএফএ আরও জানায়, ‘আমাদের অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের সম্ভাবনা রয়েছে। কী ঘটেছে? তা তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175780