নতুন শত্রু খুঁজছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

নতুন শত্রু খুঁজছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কইসরায়েলের সঙ্গে প্রকাশ্য সামরিক সংঘাতে জড়ানোর কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তবে তিনি অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন শত্রু খুঁজছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এক বক্তব্যে হাকান ফিদান বলেন, তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতের কোনো কারণ তিনি দেখছেন না। তবে নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান এবং তার সরকারের কর্মকাণ্ড ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। তার দাবি, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই নতুন নতুন শত্রু তৈরি করার চেষ্টা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

তবে ফিদান তার এ অভিযোগের পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ বা তথ্য উপস্থাপন করেননি।

সাম্প্রতিক সময়ে গাজা যুদ্ধ, ফিলিস্তিন ইস্যু এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়েছে। এই প্রেক্ষাপটে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175767