রাজনীতিটাকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে: হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের রাজনীতিকে দুর্বৃত্তায়ন থেকে মুক্ত করতে হবে। তার অভিযোগ, মাদক, চাঁদাবাজি ও দ্রব্যমূল্যের মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অনেক রাজনীতিবিদ কার্যকর ভূমিকা পালন করেন না।
শুক্রবার (১০ জুলাই) রাতে লক্ষ্মীপুরের রায়পুরে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, মাদক সম্রাটদের বিরুদ্ধে অনেক রাজনীতিবিদ কোনো ব্যবস্থা নেন না। একইভাবে বাজারে নিত্যপণ্যের দাম বাড়লেও তারা নীরব থাকেন। তার দাবি, নির্বাচনের আগে কিছু রাজনীতিবিদ ব্যবসায়িক সিন্ডিকেটের কাছ থেকে অর্থ নিয়ে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করেন। পরে সেই সিন্ডিকেটের বিরুদ্ধে সংসদে কার্যকর অবস্থান নেন না।
তিনি আরও বলেন, সংসদে কথা বলার সুযোগ না পেলেও জনগণের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরা হবে। তার ভাষায়, সংসদে যদি কথা বলতে না দেওয়া হয়, তাহলে সংসদের বাইরেও জনগণের কাছে তারা তাদের অবস্থান তুলে ধরবেন। ভয়ভীতি দেখিয়ে জনগণের কণ্ঠ রোধ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মাহবুব আলম, সংগঠক আরমান হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম সুজা উদ্দিন এবং লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক মাছুম বিল্লাহসহ দলের অন্যান্য নেতারা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175762