কিশোরগঞ্জে হাওরের পানিতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে শফিকুল ইসলাম তুলু (২৯) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় আট ঘণ্টা ধরে চালানো অনুসন্ধানেও তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ শফিকুল ইসলাম তুলু গাজীপুরের কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গাজীপুরের কাপাসিয়া থেকে ২৫ সদস্যের একটি পর্যটক দল নিকলী হাওর ভ্রমণে আসে। নৌকায় করে হাওরের বিভিন্ন এলাকা ঘুরে দেখার সময় বিকেলে কাঁঠালিয়া এলাকায় তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। নৌকা মেরামতের অপেক্ষায় থাকাকালে শফিকুল ইসলাম তুলুসহ তিনজন হাওরের পানিতে গোসল করতে নামেন।
একপর্যায়ে শফিকুল ইসলাম গভীর পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা অন্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনও খোঁজাখুঁজি শুরু করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ভৈরব থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পানিতে তল্লাশি চালায়। তবে পর্যাপ্ত আলো না থাকায় শুক্রবারের উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, হাওরে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনায় ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। শনিবার (১১ জুলাই) সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করার কথা রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175761