চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের পৃথক অভিযান, ২১৭ বোতল এস্কাফ ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশ পৃথক দু’টি অভিযান চালিয়ে ২১৭ বোতল মাদকদ্রব্য এস্কাফ সিরাপ এবং ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। আজ শুক্রবার (১০ জুলাই) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশ কর্তৃক পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ১২টায় গোমস্তাপুর থানার এসআই (নি.) মো: জেনারুল শেখ, এস.আই সজল ঢালী, এসআই এমরান হোসেন এবং এস.আই মো: শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোমস্তাপুর থানাধীন বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিবরামপুর গ্রামের মো: আলম হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে গ্রেফতারকৃত আসামি মো: আলম হোসেন ওরফে আলম মেম্বারের(৬২) শয়ন কক্ষের খাটের নিচ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৫হাজার টাকা। আলম হোসেন শিবরামপুর গ্রামের মৃত ঘাটু শেখের ছেলে।
পৃথক আরেকটি অভিযানে বাঙ্গাবাড়ি ইউনিয়নের দাড়িপাতা কামারপাড়া গ্রামস্থ বারোদুয়ারী রেল গুমটি থেকে মো: সাহেদ আলী(৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার কাছে একটি প্লাস্টিকের বস্তা থেকে ২১৭ বোতল মাদকদ্রব্য এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এ মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১লাখ ৭৩ হাজার ৬শ’ টাকা। গ্রেফতারকৃত সাহেদ আলী আলীনগর ইউনিয়নের ইমাননগর গ্রামের মো: শামসুদ্দিনের ছেলে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175752