নওগাঁর বদলগাছীতে এস্কেভেটর ড্রাইভারের ছুরিকাঘাতে এক নারী নিহত

নওগাঁর বদলগাছীতে এস্কেভেটর ড্রাইভারের ছুরিকাঘাতে এক নারী নিহত

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী এস্কেভেটর ড্রাইভারের ছুরিকাঘাতে তহমিনা (রেবা) নামে ৪২ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। গত বুধবার রাতে উপজেলার পারআধাইপুর গ্রামের বুড়াকালি মন্ডপের পাশে ঘটনাটি ঘটে। তিনি ধামুইরহাটের ধুরইল গ্রামের শফিকুর ইসলামের স্ত্রী।

আজ শুক্রবার (১০ জুলাই) সকালে কথা হয় রঞ্জিত চন্দ্রের সাথে। তিনি জানান, গত বুধবার রাত ১০টার দিকে বাইরে বৃষ্টির মাঝে কান্নাজড়িত কণ্ঠে তার দুয়ারে এসে সাহায্য চাচ্ছিল এক নারী। এসময় ৩ জন পথচারীসহ তিনি গলা কাটা এবং পেটে ছুরির আঘাতে আহত অবস্থায় ওই নারীকে সাহায্য করার চেষ্টা করেন। এরইমাঝে আশেপাশের লোকজন এসে জরুরি সেবা ৯৯৯ ফোন করে পুলিশকে জানায় বিষয়টি। পরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তার জবানবন্দি রেকর্ড করে প্রথমে বদলগাছী পরে নওগাঁ হাসপাতালে নেয়। চিকিৎসারত অবস্থায় গত বৃহস্পতিবার সকালে মারা যায় তহমিনা।

জানা যায়, এ ঘটনায় ঘটনাস্থলে থাকা এস্কেভেটরটি খান ইটভাটা মালিকের। এ ব্যাপারে ইটভাটার ম্যানেজার খোরশেদ আলমের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, ওই এস্কেভেটর চালায় সৌখিন নামে এক ড্রাইভার। সে গত ৬ জুলাই ছুটি নিয়ে বাড়ি গেছে।

তহমিনার স্বামী শফিকুল ইসলাম মোবাইল ফোনে জানান, তিনি একজন কাঠমিস্ত্রি। গত বুধবার সকালে কাজে গেলে তার স্ত্রী ফোনে পাসপোর্ট অফিসে যাওয়ার কথা বলে। ওইদিন বিকেল থেকে তহমিনার ফোন বন্ধ পাওয়া যায়। পরে গত বৃহস্পতিবার ভোরে তিনি বিষয়টি জানতে পারেন। বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, এ বিষয়ে থানায় হত্যা মামলা হয়েছে। রহস্য উদঘাটনসহ আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175746