দিনাজপুরের বীরগঞ্জে কাদাযুক্ত সড়কে ধানের চারা রোপণ করে শিশুদের নীরব প্রতিবাদ
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ দিন দিন বাড়ছে। বর্ষা মৌসুম শুরু হওয়ার সাথে এসব সড়ক কাদাযুক্ত ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
দীর্ঘদিন সংস্কারের অভাবে এলাকার শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এমন পরিস্থিতিতে কাদায় ভরা সড়কে ধানের চারা রোপণ করে নীরব প্রতিবাদ জানিয়েছে দুই শিশু শিক্ষার্থী।
সম্প্রতি ইউনিয়নের ঘোড়াবান্দ এলাকায় কাদাযুক্ত একটি সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানায় শিক্ষার্থী রাকিব ও ফয়সাল। স্থানীয়দের মতে, এটি ছিল এলাকার দীর্ঘদিনের সড়ক দুর্ভোগের একটি প্রতীকী প্রকাশ। শিশুদের এই ব্যতিক্রমী প্রতিবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাল্টাপুর ইউনিয়নের স্লুইচগেট হয়ে ঘোড়াবান্দ-কাজল সড়ক, ঘোড়াবান্দ থেকে সনকাগামী সড়ক এবং ঘোড়াবান্দ থেকে কালিরহাটগামী সড়কের অবস্থা সবচেয়ে নাজুক। সামান্য বৃষ্টিতেই এসব সড়ক কাদাযুক্ত হয়ে পড়ে। কোথাও কোথাও এত বেশি কাদা জমে যে পথচারীদের হেঁটে চলাচল করাও কঠিন হয়ে যায়। যানবাহন চলাচলে সৃষ্টি হয় নানা প্রতিবন্ধকতা।
শিক্ষার্থী রাকিব ও ফয়সাল জানায়, প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করতে তাদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়। বর্ষাকালে রাস্তার কাদার কারণে প্রায়ই পিছলে পড়ে যেতে হয়। অনেক সময় পোশাক ও বদই-খাতা নষ্ট হয়ে যায়। সড়কের এমন অবস্থার প্রতিই তারা ধানের চারা রোপণের মাধ্যমে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে।
এ বিষয়ে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম বলেন, পাল্টাপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত সড়কগুলোর বিষয়ে তিনি অবগত রয়েছেন। জনগণের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে কাজ করা হবে।
স্থানীয়দের আশা, শিশুদের এই প্রতীকী প্রতিবাদের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে সড়কগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175738