শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম

শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় কার্যকর করতে হবে। শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) দিবস-২০২৬ উপলক্ষে এসএমই ফাউন্ডেশন আয়োজিত ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আজকে একটা সাক্ষাৎকার আমরা দেখেছি, যেখানে বলা হয়েছে ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করেছেন। আমাদের দাবি, দেশ তো ইতোমধ্যে ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। এখন আমরাও চাই দেশে ফিরবেন, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে সেই রায় কার্যকর করা।’

শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্ত সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, ‘শেখ হাসিনার সিদ্ধান্ত ব্যক্তিগত নয়। দিল্লি থেকে যতটুকু অনুমোদন দেওয়া হয়, তিনি সে অনুযায়ী কথা বলেন। তিনি দেশে ফিরবেন কি না, বিচার হবে কি না—এসব মূলত ঢাকা ও দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নয়।’

সরকারকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘শেখ হাসিনা কীভাবে আসবেন, তিনি আত্মসমর্পণ করবেন কি না—এসব নির্ধারণ করবে বাংলাদেশ সরকার। এ বিষয়ে দিল্লির সঙ্গে সরকারেরই আলোচনা হবে। সরকারই ঠিক করবে তাকে কখন ও কীভাবে দেশে আনা হবে এবং কীভাবে বিচারের রায় কার্যকর করা হবে।’

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার কোনো চেষ্টা হলে এবং সরকার যদি সেটিকে প্রশ্রয় দেয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে সরকারই। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175728