বিএনপি মিডিয়া সেলের আহবায়ক ডা. পাভেল হৃদরোগে আক্রান্ত 

বিএনপি মিডিয়া সেলের আহবায়ক ডা. পাভেল হৃদরোগে আক্রান্ত 

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রকল্প পরিচালক ও সাবেক অধ্যক্ষ, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর সভাপতি, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক, বিশিষ্ট চিকিৎসক, স্বাস্থ্য প্রশাসক, রাজনৈতিক বিশ্লেষক ও মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক ডা. মো. মওদুদ হোসেন আলমগীর পাভেল হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে তিনি হঠাৎ বুকে তীব্র ব্যাথা অনুভব করলে তাকে দ্রুত বগুড়া টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে গতকাল শুক্রবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার কন্টিনেন্টাল (ইউনাইটেড) হাসপাতালে নেওয়া হয়।

পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অধ্যাপক পাভেল কে দ্রুত টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় তার অ্যাকিউট স্টেমি (অ্যান্টেরোসেপ্টাল) হার্ট অ্যাটাক ধরা পড়ে। এরপর থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তার সার্বক্ষণিক তদারকি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)। চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।

অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল দেশের একজন সুপরিচিত চিকিৎসক, দক্ষ স্বাস্থ্য প্রশাসক ও সার্ক অঞ্চলের অন্যতম আইকনিক সার্জন হিসেবে পরিচিত। বর্তমানে তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

একই সঙ্গে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এছাড়া তিনি বগুড়া জেলা জিয়া পরিষদের সভাপতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও আন্তরিক সম্পর্ক রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175718