জয়পুরহাটের বাগজানায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা রেলস্টেশনের উত্তর পাশে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আশরাফুল ইসলাম (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছে। আজ শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার বাগজানা রেলগেটের ৫০ গজ উত্তরে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রায়পুর গ্রামের বইদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার (১০ জুলাই) সকালে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের পর আশরাফুল বাড়ি থেকে বের হয়ে যান। পরে বাগজানা রেলস্টেশন এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বাগজানা রেলগেট অতিক্রমকালে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সান্তাহার রেলওয়ে থানার এসআই ওবাইদুর রহমান বলেন, আমরা এখন পর্যন্ত এমন ঘটনার খবর পাইনি। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175714