সিরাজগঞ্জে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

সিরাজগঞ্জে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: গত দুইদিন টানা বৃষ্টিতে সিরাজগঞ্জে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়েছে। এতে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে বিভিন্ন সবজি জাতীয় ফসলের ক্ষতির শঙ্কা রয়েছে। সিরাজগঞ্জ শহরের খানা-খন্দ ও নিচু জায়গাতে ইতোমধ্যেই পানি জমে গেছে। রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে পড়েছে। চলাচলের চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

বিশেষ করে গত বুধবার রাত থেকে অবিরাম বর্ষণে সকালে অফিস ও স্কুলগামী শিক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে। অন্যদিকে যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় স্থির থাকলেও বৃষ্টির কারণে নদী পারের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। জেলার চৌহালি, কাজিপুর, শাহজাদপুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙন অব্যাহত রয়েছে । এতে ভাঙন এলাকার মানুষের কষ্ট আরো বেড়েছে।

শহরে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। অন্যান্য দিনের তুলনায় বৃষ্টির কারণে ভাড়া দ্বিগুন গুনতে হচ্ছে। কিছু কিছু দোকানপাট খোলা থাকলেও ক্রেতা নেই। বিশেষ করে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। রিক্সা চলক ইমান আলী জানান, গত রাত থেকে টানা বৃষ্টির কারণে কাজে বের হতে পারি নাই। এখন একটু বৃষ্টি কমার কারণে বের হয়েছি তবে যাত্রী নাই।

সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস.এম নাসিম হোসেন বলেন, চলমান বৃষ্টিতে কৃষকেরা রোপা আমন ধান চাষে সুবিধা হবে। তবে সবজি ক্ষেতে পানি জমে থাকলে ক্ষতির আশঙ্কা রয়েছে। তিনি সবজির জমিতে জমে থাকা পানি বের করে দেয়ার পরামর্শ দেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175709