মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু, স্ত্রী ও ছেলে আহত

মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু, স্ত্রী ও ছেলে আহত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মালেক (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী শাহেরা খাতুন (৫০) ও ছেলে শাহ আলম (৩৫) আহত হয়েছেন।

আজ শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার গোমতী ইউনিয়নের শান্তিপুর এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক স্থানীয় মৃত লাল মিয়ার ছেলে।

নিহতের ছোট ভাই জালিল মিয়া জানান, বর্ষার কারণে রাস্তা ভেঙে যাওয়ায় পাশের বাড়ির ফজর আলী নামে এক ব্যক্তি আব্দুল মালেকের বাড়ির বারান্দায় তার অটোরিকশার ব্যাটারি চার্জ দিতেন। বৃহস্পতিবার রাতে চার্জ শেষে তিনি মাল্টিপ্লাগটি জানালার গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রেখে অটোরিকশা নিয়ে চলে যান।

শুক্রবার দুপুরে আব্দুল মালেক মাল্টিপ্লাগটি খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে তার স্ত্রী শাহেরা খাতুন ও ছেলে শাহ আলমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহত শাহেরা খাতুন ও শাহ আলমকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

কর্তব্যরত চিকিৎসক ডা. আসরাফ উদ্দিন জানান, আহতদের মধ্যে শাহেরা খাতুনের অবস্থা আশঙ্কাজনক।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175707