খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জে প্লাবিত ২০ গ্রাম
হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর পূর্ব তীরের চরহামুয়া-কালীগঞ্জ এলাকায় তীররক্ষা বাঁধ ভেঙে অন্তত ১৫ থেকে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে হঠাৎ বাঁধ ভেঙে নদীর পানি দ্রুত লোকালয়ে প্রবেশ করলে হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েন।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খোয়াই নদী থেকে নিয়মবহির্ভূতভাবে অবৈধ বালু উত্তোলনের কারণে তীররক্ষা বাঁধ ক্রমশ দুর্বল হয়ে পড়েছিল। প্রবল স্রোতের চাপে সেই দুর্বল বাঁধ ভেঙে বর্তমান বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
বাঁধ ভেঙে যাওয়ার পর চরহামুয়া, কালীগঞ্জসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় দ্রুত পানি ছড়িয়ে পড়ে। অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট ও কৃষিজমি পানিতে তলিয়ে যায়। এইচএসসি পরীক্ষার্থীসহ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে বিঘ্নিত হয়েছে।
এলাকাবাসী জানান, ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়াতে খোয়াই নদী থেকে অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করতে হবে। বাঁধ ভেঙে যাওয়ার খবরে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।
ক্ষতিগ্রস্ত এলাকাবাসী দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত এবং দুর্গত মানুষের জন্য জরুরি ত্রাণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175672