দুই শিশুকে কীটনাশক পান করিয়ে হত্যার পর মায়ের আত্মহননের চেষ্টা
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে কীটনাশক পান করিয়ে হত্যার পর মা আত্মহননের চেষ্টা করেছেন। এ ঘটনায় নিহত হয়েছে চার বছর বয়সী আরাফাত ও দুই বছর বয়সী মায়শা। বর্তমানে তাদের মা মনি আক্তার (৪০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনি আক্তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে টেপিরবাড়ীর একটি আবাসিক কলোনিতে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তাদের পরিবারে অভাব-অনটন ও বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি চলছিল। ঘটনার দিন বিকেলেও স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র কলহ হয়। এর একপর্যায়ে মনি আক্তার দুই সন্তানকে কীটনাশক পান করিয়ে নিজেও তা পান করেন। পরে তাদের আচরণ অস্বাভাবিক হয়ে পড়লে প্রতিবেশীরা দ্রুত উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুই শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে তাদের মায়ের সঙ্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। মনি আক্তারকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক বিজন মালাকার জানান, বিষপানে আক্রান্ত তিনজনকেই হাসপাতালে আনা হয়েছিল। দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও তাদের জীবন রক্ষা করা সম্ভব হয়নি। মনি আক্তারও সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175671