জন্মভূমির বিপক্ষে মাঠে নামছেন মরক্কোর যে ৬ ফুটবলার
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। কিলিয়ান এমবাপ্পে ও আশরাফ হাকিমির বহুল আলোচিত দ্বৈরথের পাশাপাশি ম্যাচটি ঘিরে আলোচনায় রয়েছে আরও একটি বিশেষ বিষয়। মরক্কোর দলে থাকা ছয় ফুটবলার খেলতে নামছেন নিজেদের জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে।
মরক্কোর ২৬ সদস্যের স্কোয়াডে থাকা রেদুয়ান হালহাল, গেসিম ইয়াসিন, সামির এল মুরাবেত, নিল এল আয়নাউয়ি, ইসা দিওপ এবং আইয়ুব বুয়াদ্দি—এই ছয়জনেরই জন্ম ফ্রান্সে। তবে পারিবারিক শিকড় মরক্কোয় হওয়ায় জন্মসূত্রে ফ্রান্স ও বংশসূত্রে মরক্কো—দুই দেশের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত তারা মরক্কোর জার্সিকেই বেছে নিয়েছেন।
নিজেদের জন্মদেশের বিপক্ষে খেলতে নামা ফুটবলারদের নিয়ে এটি অবশ্য মরক্কোর প্রথম ম্যাচ নয়। শেষ ষোলোর ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ডাচ-জন্ম তিন ফুটবলারকে একাদশে রেখেছিল দলটি। এবার ফ্রান্সের বিপক্ষে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়ে।
এই ছয়জনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ১৮ বছর বয়সী মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি। চলতি বছরের শুরুতেও তিনি ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক ছিলেন। তবে বিশ্বকাপ শুরুর আগে জাতীয় দল হিসেবে মরক্কোকেই বেছে নেন তিনি।
দ্বৈত নাগরিকত্ব পাওয়া প্রতিভাবান ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করার কৌশল বেশ কয়েক বছর ধরেই অনুসরণ করছে মরক্কো। এর আগে ফ্রান্সে জন্ম নেওয়া সোফিয়ান বৌফাল, রোমাঁ সাইস, মারুয়ান শামাখ, মেহদি বেনাতিয়া এবং মুস্তাফা হাজ্জির মতো ফুটবলাররাও মরক্কোর জার্সিতে আন্তর্জাতিক ফুটবল খেলেছেন।
ফলে আজকের ম্যাচটি শুধু দুই ফুটবল পরাশক্তির লড়াই নয়, মরক্কো দলে থাকা কয়েকজন ফুটবলারের জন্য এটি জন্মভূমির বিপক্ষে আবেগ, পরিচয় ও দায়িত্বের এক অনন্য পরীক্ষাও বটে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175654