ব্যস্ততায় ভরা দিন শেষেও শিক্ষার্থীদের সময় দিলেন প্রধানমন্ত্রী
দিনভর রাষ্ট্রীয় নানা কর্মসূচি, সংসদ অধিবেশন এবং দীর্ঘ মন্ত্রিপরিষদ বৈঠকের ব্যস্ততা শেষে বৃহস্পতিবার (৯ জুলাই) রাতেও সময় বের করে কুমিল্লার লালমাই উপজেলার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে এক স্মরণীয় অভিজ্ঞতা।
হঠাৎ করেই প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। তাদের ভাষ্য, সংসদ অধিবেশন সরাসরি দেখা তো দূরের কথা, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এভাবে সাক্ষাতের সুযোগ তারা কখনো কল্পনাও করেনি। জীবনের অন্যতম অনুপ্রেরণাদায়ক মুহূর্ত হিসেবে তারা এ অভিজ্ঞতার কথা তুলে ধরে।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নেন এবং মনোযোগসহকারে পড়াশোনা করে দেশ ও জাতির জন্য যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জনের জন্য সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষকদেরও তিনি আগামী প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
আগামী দিনের দক্ষ নেতৃত্ব তৈরির লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ দেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে এবার কুমিল্লার লালমাই উপজেলার ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১২৭ জন শিক্ষার্থী এবং ৪৩ জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পান।
জাতীয় সংসদ সচিবালয়ের ভিজিট শাখার আয়োজিত এ শিক্ষা সফরে অংশগ্রহণকারীরা প্রথমে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও এলডি হল পরিদর্শন করেন। পরে বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবনের স্থাপত্য, ক্রিসেন্ট লেক, অধিবেশন কক্ষ এবং সংসদ গ্রন্থাগার ঘুরে দেখেন। এছাড়া তারা চলমান বাজেট অধিবেশনও সরাসরি উপভোগ করেন।
এর আগে দিনের শুরুতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬-এর অনুষ্ঠানে অংশ নেন। এরপর জাতীয় সংসদে ওয়াকফ বিষয়ক প্রথম সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, দীর্ঘ সংসদ অধিবেশন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাত-সংশ্লিষ্ট বৈঠক এবং রাতে মন্ত্রিপরিষদের বৈঠকে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করেন। এতসব কর্মব্যস্ততার মধ্যেও শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়ে তাদের উৎসাহিত করেন তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175648