নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জমিজমা–সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সিয়াম মুক্তার ভূঁইয়া (২৫) নামে যুবক নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে।

গতকাল বুধবার (৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের ছাপড়া মসজিদের সামনে সংঘর্ষ হয়।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিয়ামের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই বংশের সদস্য মতিন (৫০) ও দেলোয়ারের (৪৮) মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। কয়েক দিন আগে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ হলেও বিরোধের মীমাংসা হয়নি। এরই জের ধরে বুধবার (৮ জুলাই) রাতে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে সিয়াম, মতিন, দেলোয়ার, মামুনসহ অন্তত ১৫ জন আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সিয়ামের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মতিন স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। অপর পক্ষের দেলোয়ার আওয়ামী লীগ-সমর্থক হিসেবে পরিচিত। তবে পুলিশ জানিয়েছে, সংঘর্ষের মূল কারণ দীর্ঘদিনের জমিজমা–সংক্রান্ত বিরোধ।

সংঘর্ষে নিহতের তথ্য জানান আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার। তিনি বলেন, নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175644