ইরানের বন্দর আব্বাস ও সিরিকে শক্তিশালী বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন হামলার হুঁশিয়ারির পর আবারও বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে ইরানের দক্ষিণাঞ্চল। স্থানীয় সময় বুধবার (৮ জুলাই) রাতে দেশটির গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বন্দর আব্বাসে ইরানের সবচেয়ে বড় সমুদ্রবন্দর অবস্থিত। এর আগের দিন যুক্তরাষ্ট্রের বাহিনী এ এলাকায় হামলা চালিয়েছিল। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের বিরুদ্ধে আরও শক্তিশালী হামলা চালানো হবে। এর পরপরই বন্দর আব্বাসে নতুন করে বিস্ফোরণের খবর আসে।
এর কিছুক্ষণ পর দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের উপকূলীয় শহর সিরিকেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগের দিন যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্যবস্তু ছিল এই এলাকাও।
তবে বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে এখনো ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। একইভাবে এসব বিস্ফোরণের সঙ্গে নতুন কোনো সামরিক হামলার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সেটিও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175554