ট্রাম্পের মন্তব্য পশ্চিম এশিয়ায় ‘আগুন ধরানোর ঝুঁকি’ তৈরি করছে: ইরান
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কড়া বক্তব্য ও যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে—এমন মন্তব্যের পর পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ট্রাম্পের বক্তব্যকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতাবা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলি আকবর বেলায়েতি বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য পুরো পশ্চিম এশিয়াকে অস্থিতিশীল করে তুলতে পারে।
তিনি সতর্ক করে বলেন, “এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের যেকোনো দুঃসাহসিক অভিযানের তাৎক্ষণিক জবাব দেওয়া হবে।”
বেলায়েতির ভাষ্য, ট্রাম্পের প্রাথমিক শান্তিচুক্তি বাতিলসংক্রান্ত নতুন বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে এবং অঞ্চলকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
তিনি আরও দাবি করেন, পশ্চিম এশিয়ায় ইরানের নেতৃত্বাধীন ‘প্রতিরোধের অক্ষ’—অর্থাৎ ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠী ও মিত্ররা সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে।
এর আগে তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তি কার্যত শেষ হয়ে গেছে। তিনি দাবি করেন, তেহরানের সঙ্গে নতুন কোনো চুক্তি করার আগ্রহ তার নেই এবং সেটি কেবল সময়ের অপচয় হবে।
ট্রাম্প বলেন, “আমার কাছে মনে হয়, এই যুদ্ধবিরতি শেষ।” একই সঙ্গে তিনি ইরানের নেতৃত্বকে “অসুস্থ, সহিংস ও পাগল” বলেও মন্তব্য করেন।
ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “আমরা অপমানের জবাব অপমান দিয়ে দিই না; বরং নির্ভীক ও দৃঢ় পদক্ষেপের মাধ্যমে তার জবাব দিই।”
দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্যে পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত উভয় পক্ষের পক্ষ থেকে নতুন কোনো সামরিক পদক্ষেপের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175552