মরেও যেতে পারি, ইরানের নাম্বার ওয়ান টার্গেট আমি: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের দৃষ্টিতে নিজেই ‘নাম্বার ওয়ান টার্গেট’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, “আমি মরেও যেতে পারি, কারণ আমি তাদের নাম্বার ওয়ান টার্গেট।”
বুধবার রাতে ন্যাটো সম্মেলন-পরবর্তী সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ট্রাম্প। এ সময় তার সঙ্গে ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এ তথ্য জানিয়েছে বিবিসি।
সংবাদ সম্মেলনে ট্রাম্প ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাতকে ‘অভূতপূর্ব সাফল্য’ হিসেবে উল্লেখ করেন। তিনি দাবি করেন, এই অভিযানের মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের পথ থেকে বিরত রাখা সম্ভব হয়েছে।
ইরানের প্রতিনিধিদের প্রসঙ্গে ট্রাম্প বলেন, “তাদের সমঝোতাকারীরা একটু পাগল প্রকৃতির।”
এ ছাড়া তিনি দাবি করেন, একদিনের অভিযানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এবং দেশটির শীর্ষ নেতৃত্বও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
ট্রাম্প আরও বলেন, “তাদের হয়তো আরেক সেট নেতা ছিল, তারাও হয়তো মারা গেছে।”
তবে ট্রাম্পের এসব বক্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া তার উত্থাপিত দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175549