কুড়িগ্রামের নাগেশ্বরীতে কালভার্ট ভেঙে যাওয়ায় বাঁশের সাঁকোর ওপর দিয়ে পারাপার
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যায় ভেঙে যাওয়া কালভার্টের জায়গায় একটি বাঁশের সাঁকো দিয়ে পারাপার করছে স্থানীয়রা। যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে স্থানীয়রাসহ ওই পথে যাতায়াতকারী মানুষ।
উপজেলার বেরুবাড়ীবাজার হতে খামার নকুলা গ্রামের মাঝ দিয়ে চলে গেছে প্রায় আড়াই কিলোমিটার দৈর্ঘ্যরে বেরুবাড়ী-খেলারভিটা গ্রামীণ কাঁচা সড়ক। এখানে এ সড়কে গত ২০০২ সালে ইউনিয়ন পরিষদের অর্থায়নে বসানো হয় একটি কালভার্ট।
কয়েকদিন আগে ভারী বৃষ্টি ও বন্যার পানিতে ভেঙে গেছে সেটি। যোগোযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে খামার নকুলা, খেলারভিটা ও চিলমারী গ্রামের কয়েক হাজার মানুষ। এ অবস্থায় চলে বেশ কয়েকদিন। এরপর স্থানীয় ইউপি সদস্য মঞ্জুরুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য কফিল উদ্দিনের সহযোগিতায় হাফিজুর রহমান, শামছুল হক, আমিনুল ইসলাম, আজিজার রহমানসহ বেশ কয়েকজন উদ্যমী তরুণ এলাকায় বাড়ি বাড়ি ঘুরে বাঁশ সংগ্রহ করে সেখানে একটি বাঁশের সাঁকো দেন।
ফরজ আলী, নুরু মিয়া, সিরাজুল ইসলাম জানান, এ সাঁকোর ওপর দিয়ে হেঁটে মানুষ পারাপার হতে পারলেও যানবাহন নিয়ে চলাচল বন্ধ হয়ে গেছে। ইউপি চেয়ারম্যান সোলায়মান আলী জানান, সেখানে নতুন একটি কালভার্ট তৈরির জন্য সংশ্লিষ্ট দপ্তরে কথা বলেছেন তিনি।
এলজিইডি উপজেলা প্রকৌশলী আনোয়ারুল ইসলাম জানান, জেনেছি এটি ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মিত হয়েছে। বন্যা মৌসুম পার হলেই খোঁজ নিয়ে ব্যবস্থা করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175543