রামেক হাসপাতালে কয়েদির মৃত্যু
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলাম (৫০) নামের পাবনা জেলা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ বুধবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে তিনি মারা যান। সিরাজুল ইসলাম পাবনা সদর উপজেলার দাপুলিয়া গ্রামের বাসিন্দা।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার আখেরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মারামারির একটি মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে বন্দি ছিলেন সিরাজুল ইসলাম। অসুস্থ হয়ে পড়লে তাকে পাবনা জেলা কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ৯টার দিকে তিনি মারা যান।
আখেরুল ইসলাম আরও বলেন, সিরাজুল ইসলাম ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুর পর মরদেহের ময়নাতদন্ত হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175541