বগুড়ার আদমদীঘিতে টাকা ছিনতাই মামলায় ১ জন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে টাকা ছিনতাই মামলায় ১ জন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে পুর্বশক্রতার জেরে মোটরসাইকেলের গতিরোধ করে মেহেদী হাসান নামের যুবককে ছুরিকাঘাতে আহত করে টাকা ও সোনার চেইন ছিনতাই মামলার এজাহারভুক্ত আসামি সাইফুল হোসেনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সাইফুল হোসেন আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের খোকন হোসেনের ছেলে।

উল্লেখ্য : আদমদীঘির সান্দিড়া গ্রামের এমদাদুল হকের প্রবাসি ছেলে মেহেদী হাসানের সাথে টাকা লেনদেন সংক্রান্ত পুর্বশক্রতায় গত রবিবার দুপুরে মেহেদী হাসান তার বাবার ব্যবসা প্রতিষ্ঠান সান্তাহার মাইক্রোস্ট্যান্ড থেকে ২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে সান্দিড়া গ্রামে বাড়ি যাবার পথে আলশার মোড় সুজনের দোকানের সামনে পৌঁছিলে রাজু হোসেন, সাইফুল হোসেন ও সুমন হোসেন-সহ কয়েকজন মেহেদী হাসানের গতিরোধ করে।

এরপর পুর্বের টাকা লেনদেন বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা দলবদ্ধ ভাবে মেহেদী হাসানকে মারধর ও ছুরিকাঘাতে আহত করে। এসময় তার ব্যাগে রাখা ২ লাখ টাকা, একটি সোনার চেইন ও রুপার ব্রেসলেট ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত মেহেদী হাসানকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান।

এ ঘটনায় মেহেদী হাসানের বাবা এমদাদুল হক বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।  আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, এ মামলার এজাহারভুক্ত ২নং আসামি সাইফুল হোসেনকে গ্রেফতার করে আজ বুধবার (৮ জুলাই) আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে তৎপরতা চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175516