কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৮ জুলাই) দুপুরে উলিপুর পৌরসভার বলদিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বলদিপাড়া গ্রামের সাইদুর রহমান আবু সাঈদ (৭০) এবং তার স্ত্রী রাবেয়া বেগম (৬৫)।

পুলিশ ও স্বজনদের সাথে কথা বলে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতের ঝড়-বৃষ্টিতে একটি বিদ্যুতের তার ছিঁড়ে বাড়ির টিনের বেড়ার ওপর পড়ে। এতে পুরো টিনের বেড়া বিদ্যুতায়িত হয়। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে না আসায় আজ বুধবার (৮ জুলাই) দুপুরে রাবেয়া বেগম পানি আনতে গিয়ে টিউবওয়েলের পাশে থাকা ওই টিনের বেড়ায় হাত দিলে সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্ত্রীর চিৎকারে উদ্ধার করতে ছুটে যান আবু সাঈদ। স্ত্রীকে ছাড়িয়ে আনার চেষ্টা করলে তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। এলাকাবাসী দ্রুত বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করলেও ঘটনাস্থলে দুজনেরই মৃত্যু হয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175498